পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের জন্য সচেতনতা সবচেয়ে বেশি জরুরি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক। তিনি বলেন, পুষ্টিবিষয়ে সকল জনগণ বিশেষ করে তরুণরা সচেতন হলেই পুষ্টি নিরাপত্তা অর্জন করা সম্ভব হবে।
শনিবার সকালে ‘নিউট্রিশন অলিম্পিয়াড ২০২০’র উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার একটা বিরাট অংশ তরুণ। এই তরুণ জনগোষ্ঠীর শক্তিকে কাজে লাগাতে হবে। পুষ্টিবিষয়ক সচেতনতাবৃদ্ধি, পুষ্টিসম্মত জীবনযাপন অনুশীলন ও কর্মসূচিতে তরুণদেরকে সম্পৃক্ত করতে পারলে পুষ্টিসমৃদ্ধ জাতি গড়ে তোলা সম্ভব হবে। তবে সচেতনতার পাশাপাশি স্বল্প বা কম আয়ের মানুষের আয়ের পথও বাড়াতে হবে।
কৃষিমন্ত্রী জানান, দেশের মানুষের জন্য পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। পুষ্টিখাতকে বিশেষ প্রাধান্য দিয়ে ‘খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নীতি ২০২০’ এবং ‘জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫’সহ বিভিন্ন সেক্টরাল পলিসির আওতায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার পুষ্টি সংবেদনশীল কৃষিনীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান আব্দুর রাজ্জাক।
বিড (BIID) ফাউন্ডেশন, গেইন (GAIN), আইসিটি বিভাগ, নিউট্রিশন ক্লাব যৌথভাবে করোনা মহামারির কারণে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এবারের অলিম্পিয়াড আয়োজন করে। ‘তরুণদের নেতৃত্বে পুষ্টিসমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ’ এই থিম নিয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হয় এই ‘নিউট্রিশন অলিম্পিয়াড ২০২০’। কোভিড-১৯ মহামারির কারণে এবার অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে এই অলিম্পিয়াড। প্রতিবারের মতো এবারো নিউট্রিশন অলিম্পিয়াডে পুষ্টিবিষয়ক বিভিন্ন মজার মজার প্রতিযোগিতা ও কর্মসূচির আয়োজন করা হয়েছে।





