করোনায় ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৯৩২: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে করোনাভাইরাসে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৪৭৯ জনে।

এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ৯৩২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো ৫ লাখ ১০ হাজার ৮০ জন।

সোমবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৬৭টি ল্যাবে নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩৯টি। পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬১৭টি। এ পর্যন্ত দেশে মোট ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে পুরুষ ২৩ জন ও নারী চারজন। দেশে এ পর্যন্ত পুরুষ মারা গেছে পাঁচ হাজার ৬৯৮ জন ও নারী এক হাজার ৭৮১ জন।

এ ছাড়া ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জন ও ষাটোর্ধ্ব ১৮ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, খুলনা বিভাগে একজন ও রংপুর বিভাগে একজন। এর মধ্যে সবাই হাসপাতালে  মারা গেছেন।