রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের আগুনটি একটি বৈদ্যুতিক বাল্ব বিস্ফোরণে লেগেছিল। তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয় বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন।
মঙ্গলবার বিকাল সোয়া চারটায় তিনি এই তথ্য জানান।
এ এস এম মামুন জানান, ডিএনসিসির নগর ভবনের লেভেল ১০ এ বিকাল ৩টা ৫০ মিনিটে হঠাৎ করে একটি বাল্ব বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ডিএনসিসি’র একজন কর্মচারী অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে তা নিভিয়ে ফেলেন।
এদিকে আগুনের খবর পেয়ে বিকাল চারটায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। তবে এর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।





