সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামছে টাইগাররা।
সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
এর আগে চট্টলায় শনিবার (২৪ জানুয়ারি) সকালে অনুশীলন করেছেন সাকিব-তামিমরা।
অনুশীলন করেছে উইন্ডিজ ক্রিকেটাররাও। সিরিজ হারলেও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ লজ্জা এড়াতে মরিয়া জেসন মোহাম্মদের দল। শেষ ম্যাচে জয় পেলে ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলে ৩০ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে টপকে ২ নম্বরে উঠে আসবে টাইগাররা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন ও তাসকিন আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ দল: সুনিল অ্যামব্রিস, জাহমার হ্যামিলটন, কিয়ন হার্ডিং, জেসন মোহাম্মদ, রভম্যান পাওয়েল, এনক্রুমাহ বোনার, কাইল মায়ারস, জর্ন ওটলে, রেয়মন রেইফার, আকিল হোসেন ও আলঝারি জোসেফ।
‘১০ পয়েন্ট’ চায় দুই দলই
চলতি ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ সুপার লিগের যাত্রা শুরু হয়েছে। প্রথম দুই ম্যাচ জিতে বাংলাদেশ ২০ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডে জিতে আরও ১০ পয়েন্ট পেতে মুখিয়ে বাংলাদেশ। ছাড় দিতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ। প্রথম দুই ম্যাচে ২০ পয়েন্ট হারালেও খালি খাতে ফিরতে চায় না ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের-ই চোখ বিশ্বকাপ সুপার লিগের ১০ পয়েন্টে। শেষ হাসি কে হাসে সেটিই দেখার।
১৪তম হোয়াইটওয়াশের হাতছানি
বাংলাদেশ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে ১৩ বার। এর মধ্যে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকেও একবার ধবলধোলাই করেছিল। তাদেরকে একই স্বাদ দেওয়ার অপেক্ষায় তামিমের দল।





