দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ইউপি সদস্যসহ ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার (৮ মার্চ) দিনগত রাত ২টার দিকে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকরা হলেন- রুহুল আমিন (৪০), মনোয়ার হোসেন (৩২) ও চোরগাছা গ্রামের আবুল কালামের ছেলে সাইদুর রহমান (৩৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ রাতে হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে রাকেশ আহম্মেদ (২৪) ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে কাজ শেষে বাড়িতে যাওয়ার পথে রাণীগঞ্জ-কামদিয়া সড়কে রামপুর টুবঘরিয়ায় ১২ থেকে ১৫ জনের ডাকাতদল মোটরসাইকেলের গতি রোধ করে একটি এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ টাকা ছিনতাই করে নেয়। পরে গোপনে মোটরসাইকেল খোঁজাখুঁজি করলে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের ৭নং ইউপি সদস্য কুন্দারামপুর গ্রামের আলহাজ লুৎফর রহমানের ছেলে রহুল আমিন (৪০) ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে দেওয়ার কথা বলে মোটরসাইকেলর মালিক রাকেশের কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়।
এমন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এসআই ফারুকুজামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের নিকট থেকে ডাকাতি করে নেয়া মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ মালামালগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার এসআই জিয়াউর রহমান জানান, তাদের বিরুদ্ধে ঘোড়াঘাট থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।





