ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহতের নাম আনিসুর রহমান (৫০)। তিনি ওই গ্রামের আহাম্মদ চোধুরীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আঠারবাড়ি রায়ের বাজার থেকে সাইকেলে গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি ফিরছিলেন আনিসুর। পথে রসুলপুর গ্রামে আসতেই দূর্বৃত্তরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে চিকিৎসক আনিসুরকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কোপের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।





