ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম মশা নিয়ন্ত্রণ নিয়ে নগরবাসীর সঙ্গে খোলামেলা আলোচনায় বসতে চান। এজন্য নগরবাসীকে আলোচনায় বসার আহ্বান জানান ডিএনসিসি মেয়র আতিক।
বুধবার (১৭ মার্চ) বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি ও মিস্ট ব্লোয়ার উদ্বোধন অনুষ্ঠানে মশা নিয়ন্ত্রণে জনগণকে আলোচনায় বসার আহ্বান জানান ডিএনসিসি মেয়র।
তিনি বলেন, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে মশার উৎপাত রয়েছে। ওইসব দেশ আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবহার করে মশা নিয়ন্ত্রণ করছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মশা নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপরও সবাইকে আমন্ত্রণ জানাই, আসুন মশা নিয়ন্ত্রণে খোলামেলা আলোচনা করি।
মশার কামড় নিয়ে নগরবাসীর সমালোচনা তুলে ধরে আতিকুল ইসলাম বলেছেন, নগরবাসী বলেন, ছোট আতিক আমাদের কামড় দিচ্ছে। আমি শুনেছি, অনেক মানুষ মশায় কামড়ানো নিয়ে সমালোচনায় এসব বলেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়তে পরামর্শ চান মেয়র।
ডিএনসিসি মেয়র আতিক আরও বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আমরা তা সমাধান করেছি। তার অনেক প্রমাণ আছে। মশা নিধনেও নিয়মিত মশক নিধন অভিযান চলছে। মশা নিয়ন্ত্রণা থেকে কিভাবে রেহাই পেতে পারি তা নিয়ে কাজ করতে হবে।





