টি-টোয়েন্টি সিরিজ জয় দিয়ে শুরু আফগানিস্তানের

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের ট্রফি ভাগাভাগি করেছে আফগানিস্তান ও জিম্বাবুয়ে। এবার শুরু হয়েছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

বুধবার দুবাইয়ের শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় জিম্বাবুয়ে। ব্যাট করতে নেমে দুই ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ ও কারিম জানাতের জুটি থেকে আসে বড় রান।

তাদের ৮০ রানের জুটি ভাঙে কারিমের ২৬ রানে সাজঘরে ফেরায়। এরপর আসগর আফগানকে নিয়ে মাত্র ৪৪ বলে ৭৪ রানের জুটি গড়েন গুরবাজ।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৪৫ বলে ৬টি চার ও ৭টি ছয়ে ৮৭ রান করে থামেন গুরবাজ। সঙ্গে আসগরও পূর্ণ করেন অর্ধশতক। তার ৫৫ রানে ভর করে কুড়ি ওভারে ৫ উইকেটে ১৯৮ রান তোলে আফগানরা।

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন রিচার্ড নাগারাভা, ব্লেসিং মুজারাবানি এবং ১টি উইকেট নেন রায়ান বার্ল।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে তিনাসে কামুনহুকামুওয়ে ও তারিসাই মুসাকান্দা ৩৮ রান যোগ করলেও বাকি ব্যাটসম্যানরা খেই হারায় রশিদ খানের ঘূর্ণিতে।

কামুনহুকামুওয়ে ৩৭ বলে ৪৪ রান করে বোল্ড হন রশিদের বলে। এছাড়া সমান ২২ করে রান করেন সেন উইলিয়াম ও সিকান্দার রাজা।

বাকি ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় কুড়ি ওভারে ৭ উইকেটে ১৫০ রানে থামে জিম্বাবুয়ে। তাতে ৪৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে আফগানরা। ৩ উইকেট নেন রশিদ খান, ২টি করে উইকেট নেন ফরিদ আহমেদ এবং কারিম জানাত।