আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রোববার (১১ এপ্রিল) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘পবিত্র রমজান মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিশেষ অতিথি ছিলেন। র্যাব-পুলিশ ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতারা ওয়েবিনারে বক্তব্য দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রোজা আসলে সাধারণত যে চিত্র দেখি, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি। এ সময় সরবরাহ ও চাহিদার মধ্যে তারতম্য থাকে। এ কারণে অনেকে ক্ষেত্রে দ্রব্যমূল্য অনিয়ন্ত্রিত হয়ে যায়। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী অনেক দক্ষ। আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে পারব। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অনিয়ম, বিশৃঙ্খলা ও দ্রব্যমূ্ল্য নিয়ন্ত্রণ করা সম্ভব।’
আরও পড়ুন…পুরো বিশ্বেই শান্তির সংস্কৃতি ছড়িয়ে দিতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, ‘অন্যান্য দেশে দেখা যায়, রমজানে নিত্যপণ্যের দাম কমে। কিন্তু এই উপমহাদেশে দাম বাড়ে। আমাদের দেশেও ব্যতিক্রম নয়। এক্ষেত্রে আপনারা (ব্যবসায়ী) কী করতে পারেন, তা জানাবেন। আপনাদের পরামর্শ ও তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’





