মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে ডিএসসিসি

ঢাকা: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। করপোরেশনের ক্রীড়া সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সহযোগিতায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছে ডিএসসিসি

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) নগরীর মহানগর নাট্যমঞ্চে সকাল ১০টা থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন চলছে।

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত এবং করপোরেশনের আওতাভুক্ত এলাকা হতে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের জন্য এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাদের ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হবে।

দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, মনিরুল ইসলাম মনু, কাজী ফিরোজ রশীদ, হাজি সেলিম, রাশেদ খান মেনন, সাবের হোসেন চৌধুরী, শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠান সূত্রে জানা গেছে, সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম ও দিনাত জাহান মুন্নী এবং নৃত্য প্রদর্শন করবেন নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। এছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সমন্বয়ে সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সংবর্ধনা অনুষ্ঠান প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটির ২১নং ওয়ার্ডের কাউন্সিলর এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্য মো. আসাদুজ্জামান আসাদ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৯৬৬ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। তাদের সংবর্ধনা দেওয়া হবে। যদি কেউ উপস্থিত না হতে পারেন তাদের পরিবারের সদস্যদের আসার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রভাতনিউজ/এনজে