ঢাকা: শুধু নিবন্ধিত দলগুলোর সঙ্গে একতরফা নির্বাচন নিয়ে সংলাপ না করে রাষ্ট্রপতিকে অনিবন্ধিত দলগুলোর সঙ্গেও সংলাপে বসার দাবি জানিয়েছেন ‘অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ’।
আজ রোববার (২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ’ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ দাবি জানান।
মানববন্ধনে সংহতি জানিয়ে অংশগ্রহণ ও বক্তব্য দেন প্রায় ৩০টির অধিক অনিবন্ধিত রাজনৈতিক দল এবং জোটের নেতারা।
এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের জন্য যে সংলাপ করছেন তা অবশ্যই আরও প্রশংসনীয় এবং গ্রহণযোগ্য হবে যদি তিনি একটি সর্বজনীন সংলাপের উদ্যোগ নেন। যে উদ্যোগে গুরুত্ব পাবে দেশের জনগণ এবং পাশাপাশি অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো।
কারণ, স্বাধীনতার আগে থেকেই সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম, মুক্তিযুদ্ধ, বিজয়- সব কিছুতেই নেতৃত্ব দিয়েছে যে দলগুলো, তার সবই ছিল অনিবন্ধিত।
বক্তারা বলেন, দেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতায় যাওয়ার পথ খোঁজে। এককভাবে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়াই তাদের মূল লক্ষ্য।
মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদের চেয়ারম্যান এম নাজিমউদ্দীন আল-আজাদ।
এবিএস





