অরেঞ্জ হত্যা মামলা বগুড়ায় যুবলীগ নেতা খায়রুল গ্রেপ্তার

অরেঞ্জ হত্যা মামলা বগুড়ায় যুবলীগ নেতা খায়রুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জ হত্যা মামলায় পৌর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১১ জানুয়ারি) র‌্যাব মিডিয়া সেন্টারের এএসপি ইমরান এসব তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাবের দেওয়া তথ্য মতে জানা যায়, গতকাল সোমবার রাতে, শহরতলীর ফাঁপোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয় খায়রুলকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বগুড়া সদর থানায় পাঠানো হয়।

র‌্যাব জানায়, সোমবার দিবাগত রাত ৩টায় বগুড়া শহরতলীর ফাঁপোড় এলাকা থেকে খায়রুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বগুড়া সদর থানায় পাঠানো হয়।

বগুড়া পৌর এলাকার ৮ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক খায়রুলসহ আরো ক’জনের সাথে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অরেঞ্জেদের বিরোধ চলছিলো দীর্ঘ দিন।

গত ২রা জানুয়ারি রাত ৯টার দিকে নাজমুল হাসান অরেঞ্জ ও মিনহাজ হোসেন আপেলসহ ৩/৪ জন মালগ্রাম ডাবতলা মোড়ে বসেছিলেন। এ সময় বেলতলা মোড় থেকে ৪/৫টি মোটর সাইকেলযোগে একদল যুবক ডাবতলা মোড়ে যায়। সেখানে নেমেই তারা অরেঞ্জ ও তার সঙ্গীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় একটি করে গুলি আপেলের পেটে এবং অরেঞ্জের মাথায় বিদ্ধ হয়। পরে হামলাকারীরা অরেঞ্জ, আপেল এবং তাদের আরেক সঙ্গীকে কুপিয়ে সেখান থেকে সটকে পড়ে।

ঘটনার পরদিন অরেঞ্জের স্ত্রী স্বর্ণালী বাদী হয়ে সদর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

কেএম