খেলা: আগের ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। আজও দারুণ আভাস দিয়েছিলেন। তবে তামিম ফিরলেন ফিফটির আগে। অন্যদিকে অধিনায়ক মাহমুদউল্লাহ দেখালেন দারুণ ঝলক। ফিফটি তুলে নেয়ার পরও অপরাজিত থাকলেন ব্যাট হাতে ঝড় তুলে। দুজনের ব্যাটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে ৬ উইকেটে ১৮১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ মিনিস্টার গ্রুপ ঢাকার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ঢাকা। মুস্তাফিজের বলে এলবি হয়ে ফেরেন ঢাকার ওপেনার মোহাম্মদ শাহজাদ (৫ বলে ৬ রান)।
ইমরান উজ্জামানের সাথে তামিমের দ্বিতীয় উইকেট জুটি ঢাকাকে নিয়ে যায় ৫৫ রান অবধি। করিম জান্নাতের বলে এলবি হয়ে ফেরেন ইমরান উজ্জামান। ১৪ বলে দুই চারে ১৫ রান করেন ইমরান। এই জুটিতে আসে সর্বোচ্চ ৩২ বলে ৪৮ রান।
অধিনায়ক মাহমুদউল্লাহর সাথে চলতে থাকে তামিমের পথচলা। দলীয় ৮৫ রানে ফেরেন তামিম ফিফটি থেকে চার ধাপ দূরে থাকতে। তানভিরের বলে করিমের হাতে ক্যাচ দেন এই ড্যাশিং ওপেনার। তার আগে করে যান ৩৫ বলে ৪৬ রানের ইনিংস। তামিমের ইনিংসটি সাজানো দুটি চার ও তিন ছক্কায়।
এরপর যা করেছেন বলতে গেলে মাহমুদউল্লাহই। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৪১ বলে ৭০ রানের দারুণ চকচকে ইনিংস খেলে। চারটি ছক্কার পাশাপাশি তিনি হাঁকান তিনটি চার। ৩ বলে ২ রানে অপর অপরাজিত ব্যাটার মাশরাফি।
এছাড়া শুভাগত ৯, আন্দ্রে রাসেল ১১, নাঈম ১০ রান করেন। বল হাতে কুমিল্লার হয়ে তানভির দুটি, মুস্তাফিজুর, শহিদুল ও করিম নেন একটি করে উইকেট।
বিপিএলে কুমিল্লার এটি চতুর্থ ম্যাচ। আগের তিনটিতেই জিতেছে তারা। অন্যদিকে ঢাকার এটি ষষ্ঠ ম্যাচ। আগের পাঁচ ম্যাচে দলটির জয় দুটিতে, হার তিনটি।
প্রভাতনিউজ/এবিএস





