বিনোদন: অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। আসছে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) মুক্তি পাবে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি। কয়েক দফায় সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারিত হলেও মহামারি করোনার কারণে আর মুক্তি পায়নি। অবশেষে আলোর মুখ দেখছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি।
সিনেমার মুক্তি উপলক্ষে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, প্রবীণ অভিনেতা সাদেক বাচ্চু সাহেবের জীবনের শেষ সিনেমা হিসেবে বিশেষভাবে তাকে স্মরণ করছি। ভালোবাসা দিবসের দর্শকরা যে ধরনের সিনেমা দেখতে চায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ তেমনি একটি রোমান্টিক ফ্যান্টাসি ধরনের সিনেমা। গত বছর আমরা ভালোবাসা দিবসে চলচ্চিত্রটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু করোনা পরিস্থিতির কারণে সম্ভব হয়নি। বর্তমানে সাধারণ মানুষ ব্যাপক হারে টিকা গ্রহণ করায় আমরা রিলিজের সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি, দর্শকরা স্বাস্থ্যবিধি মেনে হলে আসবেন এবং দারুণ উপভোগ করবেন।
তারকা বহুল রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী প্রমুখ। সিনেমার গানে কণ্ঠশিল্পী দিয়েছেন কুমার শানু, আকাশ সেন, ইমরান ও লিজা। সঙ্গীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, শ্রী প্রীতম, আকাশ সেন। আবহসঙ্গীত করেছেন ইমন সাহা।ষে মুক্তি পাচ্ছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’
প্রভাতনিউজ/এনজে





