গত নভেম্বরে ট্রেইলার মুক্তির পর থেকেই বলিপাড়ায় প্রভাস-পূজা অভিনীত প্রেমকাহিনি ‘রাধে শ্যাম’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। কিন্তু সিনেমার মুক্তি পিছিয়ে গেছে করোনার প্রভাবে।
১৪ জানুয়ারি পর্দায় আসার কথা ছিল ‘রাধে শ্যাম’-এর। কিন্তু সম্প্রতি করোনা বৃদ্ধির কারণে এসএস রাজামৌলির পরিচালনায় রামচরণ, জুনিয়র এনটিআর, আলিয়া ভট্ট, অজয় দেবগণ অভিনীত ‘আরআরআর’-এর মতোই পিছিয়ে যায় ‘রাধেশ্যাম’-এর মুক্তির দিন ক্ষণ।
‘রাধেশ্যাম’ বেশি বাজেটে নির্মিত ছবিগুলির মধ্যে একটি। ফলে মুক্তির তারিখ পিছিয়ে যাওয়াতে আর্থিক ক্ষতি নিয়ে বেশ চিন্তায় ছিলেন পরিচালক রাধাকৃষ্ণ কুমার।
তবে এখন দেশে করোনা সংক্রমণ কিছুটা কম হওয়ায় ছবি মুক্তির নতুন তারিখ ঘোষণা করলেন নির্মাতারা। গত বুধবার (২ ফেব্রুয়ারি) নেটমাধ্যমে জানানো হয়েছে, আগামী ১১ মার্চ মুক্তি পেতে চলেছে এই সিনেমা।
এদিকে মুক্তির আগে ২৫০ কোটি টাকা ঘরে তুলে নিয়েছে ‘রাধে শ্যাম’। শুধু মাত্র টেলিভিশন এবং ডিজিটাল স্বত্ব বিক্রি করেই নাকি মোটা অঙ্ক ইতোমধ্যে প্রযোজকদের ঘরে ঢুকেছে।
কিছু দিন আগেই শোনা গেছে, একটি ওটিটি সংস্থা ‘রাধে শ্যাম’ ছবির জন্য ৪০০ কোটি টাকা দিতে চেয়েছিল প্রযোজকদের। যদিও তা কোনো পক্ষ থেকেই নিশ্চিত করা হয়নি।
‘বাহুবলী’ ছবির পর জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন প্রভাস। তার মুখ চেয়েই আগে পর্দায় মুক্তি চাইছেন নির্মাতা, এমনটাই জানিয়েছিলেন ‘রাধে শ্যাম’-এর সঙ্গে যুক্ত একসূত্র।
এই ছবি নিয়ে আরো একটি গুজব রটেছে বলিপাড়ায়। ‘রাধে শ্যাম’-এ অভিনয়ের জন্য প্রযোজকদের কাছ থেকে নাকি ১০০ কোটি টাকা চেয়ে বসেছেন প্রভাস।
শুধু তাই নয়, পর্দায় মুক্তির মুনাফা থেকে নাকি কিছু অংশ চেয়েছেন অভিনেতা। যদিও এবিষয়ে মুখ খোলেননি অভিনেতা এবং নির্মাতারা।
৩১ ডিসেম্বর শহীদ কাপুর অভিনীত ‘জার্সি’ এবং জানুয়ারির শুরুতে ‘আরআরআর’-এর মুক্তি বাতিল হওয়া দিয়ে ২০২২ সালের ক্ষতির খতিয়ান শুরু। ভরসা ছিল প্রভাসের ‘রাধে শ্যাম’ এবং অক্ষয়কুমারের ‘পৃথ্বীরাজ’-এর উপরে।
এই দুটি বড় ছবি জানুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল। তাও বাতিল হয় বছরের শুরুতেই প্রায় দেড় হাজার কোটি টাকা ক্ষতির ধাক্কা সামলাতে হয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে। তবে এবার একে একে মুক্তি পেতে চলেছে সেই সব ছবি। এখন দেখা যাক পরিস্থিতি কতটা উন্নতি হয়।তথ্যসূএ: আনন্দবাজার।
প্রভাতনিউজ/এনজে





