ঢাকা: ইউক্রেন ও রাশিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনে মস্কো যাচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার এই সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এই লক্ষ্যে বৈঠক করবেন তিনি।
ম্যাক্রোঁ আশা করছেন যে আলোচনা সাময়িকভাবে হলেও ফলপ্রসূ হবে।
ম্যাক্রোঁর মতে, আলোচনার আরেক অর্থ ‘সময় কেনা’। কেননা, আলোচনার সময় স্বাভাবিকভাবে কোনো পক্ষ যুদ্ধে জড়ায় না৷
তাছাড়া পুতিন যে এখন ইউরোপীয় দেশগুলোর সাথে ইউক্রেন নিয়ে আলোচনায় আগের মতো অত অনাগ্রহী নন, সেই বিষয়টিও আশাবাদী করেছে মাক্রোঁকে।
কয়েকদিন আগেও মধ্যস্থতাকারী হিসেবে কার্যত শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকেই স্বীকার করছিলেন পুতিন৷ এখন তিনি ইউরোপীয় দেশগুলোর সাথেও আলোচনায় রাজি৷
এ কারণে সোমবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইয়েভস লা দ্রিয়ান এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক যাচ্ছেন কিয়েভে৷ তাদের এই সফরের উদ্দেশ্য ইউক্রেনকে আবার আশ্বস্ত করা যে, চলমান সংকটে ইউরোপীয় ইউনিয়ন পাশে আছে৷ তারা সফর শেষ করলেই কিয়েভে যাবেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস৷ নবনির্বাচিত জার্মান চ্যান্সেলর কিয়েভে যাবেন আগামী সপ্তাহে৷ কিয়েভ থেকে মস্কোতেও যাবেন তিনি৷ ফরাসি প্রেসিডেন্টের মতো তার মস্কো সফরের মূল উদ্দেশ্য রুশ-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি প্রশমনে ভূমিকা রাখা৷
আগামী এপ্রিলে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন৷ অন্যদিকে কাউন্সিল অব ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সভাপতি ফ্রান্স৷ তাই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ইউক্রেন ইস্যুকেও খুব গুরুত্ব দিচ্ছেন ইমানুয়েল ম্যাক্রোঁ৷ সূত্র : ডয়চে ভেলে।
প্রভাতনিউজ/এবিএস





