ঢাকা: আফগান ভূখণ্ড থেকে আগত উগ্রবাদীদের হামলায় পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। রোববার একটি সামরিক সূত্র এমন তথ্য জানিয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে ইয়েনি শাফাক।
পাকিস্তানের উত্তর কুর্রাম জেলায় হওয়া এক ভয়াবহ আক্রমণে দেশটির পাঁচ সেনা নিহত হয়েছেন। এর আগে গত বছরের আগস্ট মাসে মার্কিন সেনাদের প্রত্যাহার করার পর আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষ ক্ষমতা লাভ করে। এরপর আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে চালানো বেশ কয়েকটি মারাত্মক উগ্রবাদী হামলার মধ্যে এটা অন্যতম। এখনো আফগানিস্তানে বেশ কয়েকটি উগ্রবাদী সংগঠন তৎপর আছে। তারা প্রায়ই পাকিস্তানে হামলা চালিয়ে থাকে।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ ‘আইএসপিআর’ এক বিবৃতিতে বলেছে, ওই হামলার সময় পাকিস্তানি সেনাদের পাল্টা আক্রমণে অসংখ্য উগ্রবাদী নিহত হয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, আফগান ভূখণ্ড থেকে এমন উগ্রবাদীদের হামলার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান। পাকিস্তান আশা করে ভবিষ্যতে এমন উগ্রবাদীদের হামলা বন্ধে কার্যকর ব্যব্স্থা নিবে আফগান সরকার।
এ উগ্রবাদী হামলার বিষয়ে কোনো আফগান সংগঠন দায় স্বীকার করেনি।
পাকিস্তানের জাতীয় নিরাপত্তা বিভাগের উপদেষ্টা মঈদ ইউসুফের আফগানিস্তান সফরের পর রোববারের এ উগ্রবাদী হামলার ঘটনা ঘটে। আফগানিস্তানের রাজধানী কাবুল সফরের পর তালেবান কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন মঈদ ইউসুফ। মঈদ ইউসুফকে তালেবান কর্তৃপক্ষ বলেছে, আফগানিস্তানের মাটিকে পাকিস্তানে হামলার জন্য ব্যবহার করতে দেয়া হবে না। তথ্যসূত্র : ইয়েনি শাফাক।
প্রভাতনিউজ/এবিএস





