শিক্ষা: দেশের উচ্চশিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও সক্ষমতা বাড়াতে গবেষণা দরকার। এক্ষেত্রে নতুন জ্ঞান সৃষ্টিতে বরাদ্দ বাড়ানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক ভ্যালু চেইন’ শীর্ষক গবেষণা অনুষ্ঠানে এ কথা জানান ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ।
তিনি বলেন, ভবিষ্যতে কাজের দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণা কাজ পরিচালনায় বাজেট প্রদান করা হবে।
ডেনিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সির (ড্যানিডা) আর্থিক সহযোগিতায় প্রায় ১০ কোটি টাকার এ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট।
এই গবেষণা প্রকল্পের আওতায় ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যৌথভাবে তিনটি পিএইচডি ডিগ্র্রি প্রদান করবে।
সভায় ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, দেশে মৌলিক গবেষণার ক্ষেত্রে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ভালো করছে। গত অর্থবছরে ব্র্যাকসহ দেশের কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় গবেষণা খাতে সর্বোচ্চ বরাদ্দের বিষয়টি অত্যন্ত ইতিবাচক।
সভায় ইউজিসি’র বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক মো. ওমর ফারুক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং ইউজিসি ও ব্র্যাক বিশ্ববিদ্যায়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রভাতনিউজ/এবিএস





