‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে’, ‘যেখানেই সীমান্ত তোমার সেখানেই বসন্ত আমার’, ‘আমায় ডেকো না ফেরানো যাবে না’ প্রভৃতি কালজয়ী গানের গীতিকার কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন।
গতকাল মঙ্গলবার (২২ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা যান। তার ছেলে প্রতীক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি (শুক্রবার) গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হয়েছিলেন বাংলাদেশের খ্যাতিমান এই গীতিকবি।
কাওসার আহমেদ চৌধুরী এলআরবি, মাইলস, সামিনা চৌধুরী, লাকী আখন্দ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো অনেক বিখ্যাত গায়ক ও ব্যান্ডের জন্য বেশ কয়েকটি বিখ্যাত গানের কথা লিখেছেন।
এছাড়া বেশ কিছু টিভি নাটক রচনা ও পরিচালনা করেছেন তিনি। একজন জ্যোতিষশাস্ত্রবিদ হিসেবেও জনপ্রিয় ছিলেন কাওসার আহমেদ চৌধুরী।
কাওসার আহমেদ চৌধুরী লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—আমায় ডেকো না, কবিতা পড়ার প্রহর এসেছে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, যেখানে সীমান্ত তোমার, ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১, ২ ও এলআরবি’র রুপালি গিটার ফেলে প্রমুখ।
প্রভাতনিউজ/এনজে





