রাশিয়ার বোমা হামলায় ৭ জনের মৃত্যু : ইউক্রেন পুলিশ

রাশিয়ান বাহিনীর বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত সাতজন মারা গেছে বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ। কর্মকর্তারা বলছেন ওদেসার বাইরে পোডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে হওয়া হামলায় ছয়জন মারা গেছেন এবং সাতজন আহত হয়েছেন।

এখন পর্যন্ত ১৯ জন নিখোঁজ রয়েছেন।

পুলিশ আরো জানিয়েছে যে মারিউপল শহরে একজনের মৃত্যু হয়েছে।

সামরিক আইন জারি
এদিকে রাশিয়ার ভয়াবহ হামলার পর সমগ্র ইউক্রেনজুড়ে সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে ফক্স নিউজ।
সমগ্র ইউক্রেনজুড়ে সামরিক আইন জারি করার বিষয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে ইউক্রেনে সামরিক আইন জারি করা হচ্ছে।

জেলেনস্কি আরো বলেন, আজ সকালে রাশিয়া আমাদের রাষ্ট্রের (ইউক্রেন) ওপর নতুন করে সামরিক আগ্রাসন চালিয়েছে। এ সামরিক আগ্রাসন সম্পূর্ণ অবৈধ। এ হামলার ক্ষেত্রে শঠতা ও প্রতারণার আশ্রয় নিয়েছে রাশিয়া।

তিনি আরো বলেন, রাশিয়া আমাদের সামরিক বাহিনী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর ওপর হামলা চালিয়েছে। ইউক্রেন সীমান্তরক্ষী সেনারা রুশ হামলার শিকার হয়েছে। ডনবাস এলাকার অবস্থা খুবই খারাপ। ইউক্রেনের সেনাবাহিনী, সকল বিশেষ বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ এখন জরুরি অবস্থার মধ্যে কাজ করছে। ইউক্রেনে সামরিক আইন জারি হতে যাচ্ছে। এখন ইউক্রেনের জনসাধারণের উচিৎ ঘরে থাকা। তথ্যসূত্র : ফক্স নিউজ।

প্রভাতনিউজ/এনজে