শুভ জন্মদিন সাকিব আল হাসান

সময়টা দারুণ কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। এইতো বুধবারই প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে টিম টাইগার্স। ঠিক এর কয়েকঘণ্টা পরেই ৩৫তম বছরে পা রাখেন সাকিব আল হাসান। আজ এ তারকা অলরাউন্ডের জন্মদিন। শুভ জন্মদিন সাকিব।

১৯৮৭ সালের ২৪শে মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেছিলেন সাকিব। নিজের জন্মদিনটা এর চেয়ে ভালো ভাবে হয়তো পালন করা যেত না সাকিবের জন্য। কারণ, জন্মদিনের কয়েক ঘন্টা আগে প্রথম বারের মত দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরকে হারিয়ে সিরিজ জয় লাভ করে বাংলাদেশ দল। আর সাকিব সেই দলের গুরুত্বপূর্ণ এবং গর্বিত এক সদস্য। যদিও পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় মানসিক ভাবে কিছুটা পিছিয়ে রয়েছেন সাকিব। তবে ব্যাট-বলে ঠিকই তিনি দুর্দান্ত, অপ্রতিরোধ্য।

মাগুরার ফায়সাল, ড্রেসিংরুমের ময়না আর বাংলাদেশের সাকিব। ক্রিকেটার হিসেবে যে যাত্রা শুরুই হত না নাম্বার সেভেন্টি ফাইভের। সাকিবের পছন্দ ছিল ফুটবল। খেলতেনও তা। পাড়ায় একদিন ক্রিকেট খেলতে গিয়ে একজন আম্পায়ারের চোখে পড়েন। সেখান থেকে বিকেএসপি-বয়সভিত্তিক হয়ে জাতীয় দলে ডাক পান ২০০৬ সালে। ওই যে শুরু। সাকিব ছুটেছেন নিজস্ব গতিতে। ২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব। টেস্টেও নিজের কার্যকারিতা প্রমাণ করে সেরা অলরাউন্ডারের আসন দখল করেন। ২০১৫ সালের জানুয়ারিতে প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডার হন তিনি। যা ক্রিকেট বিশ্বে একমাত্র ও বিস্ময়কর ঘটনা।

বাংলাদেশের অনেক জয়ের মহানায়ক এই সাকিব। বাংলাদেশের ক্রিকেটকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এমন অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি যে রেকর্ড বাংলাদেশের কোন ক্রিকেটারই আগে করতে পারেনি। তাছাড়া ক্যারিয়ারের অনেকটা সময়ই কাটিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেটে কখনো বা ব্যাট হাতে আবার কখনো বোলিং দিয়ে নিজের জাত চিনিয়েছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করেছেন সাকিব। শুধু তাই নয়, ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও সাকিব দারুণ খেলেছেন। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, সিপিএল, কাউন্টি ক্রিকেট থেকে শুরু করে বিশ্বের নামকরা সকল ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেই সাকিবের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। সাকিবের আগে বাংলাদেশের কোন ক্রিকেটারই এত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পায়নি। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটের এক বড় প্রাপ্তি সাকিব।

এখন পর্যন্ত দেশের জার্সিতে সাকিব খেলেছেন ৫৯ টেস্টে, ২২১ ওয়ানডে ও ৯৬ টি-টোয়েন্টি। এরমধ্যে তিনি টেস্টে ৪০২৯, ওয়ানডেতে ৬৭৫৫ ও টি-টোয়েন্টিতে রান করেছেন ১৯০৮। তিন সংস্করণ মিলিয়ে এ তারকা সেঞ্চুরি করেছেন ১৪টি। এদিকে বল হাতে এ বাঁহাতি ওয়ানডেতে নিয়েছেন ২৮৫ উইকেট। এদিকে টেস্টে নিয়েছেন ২১৫ ও টি-টোয়েন্টি নিয়েছেন ১১৯ উইকেট।