ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমার জেলেনস্কি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকের আগে পশ্চিমা নেতাদের সতর্ক করে বলেছেন, লড়াইয়ে ইউক্রেনের মিত্রদের হস্তক্ষেপ করা থেকে বিরত রাখতে অর্থনৈতিক শক্তি প্রয়োগ করছে রাশিয়া।
আজ বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত জি-৭, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনের আগে জেলেনস্কি বলেছেন, এই শীর্ষ সম্মেলনে আমরা দেখতে পাব: কে বন্ধু, কে অংশীদার এবং কে অর্থের জন্য আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
গতকাল বুধবার রাতে প্রথমবারের মতো ইংরেজিতে ভাষণ দেন জেলেনস্কি। তিনি বলেছেন, রাশিয়ার যুদ্ধ কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয়। এর অর্থ আরো ব্যাপক। স্বাধীনতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে রাশিয়া। রাশিয়ার দিক থেকে এটা কেবল শুরু।
তিনি আরো বলেন, রাশিয়া ইউরোপের সব মানুষের স্বাধীনতা হরণের চেষ্টা করছে। সারা পৃথিবীর মানুষেরও। রাশিয়া দেখানোর চেষ্টা করছে যে, কেবল অসভ্য এবং নিষ্ঠুর শক্তিই টিকে থাকবে।
জেলেনস্কি বলেছেন, বিশ্বকে অবশ্যই রাশিয়াকে থামাতে হবে। বিশ্বকে অবশ্যই এই যুদ্ধ থামাতে হবে। ইতোমধ্যেই এক মাস হয়ে গেছে। এটাই দীর্ঘ সময়। নিজেদের চত্বরে, রাজপথে নেমে আসুন। নিজেদের দৃশ্যমান করুন এবং শুনতে বাধ্য করুন। সূত্র: বিবিসি।
প্রভাতনিউজ/এনজে





