রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিচ্ছে সরকার। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পাচ্ছেন আফজাল করিম, যিনি হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। নতুন দায়িত্বে তিনি মো. আতাউর রহমান প্রধানের স্থলাভিষিক্ত হচ্ছেন।
রূপালী ব্যাংকের নতুন এমডি হচ্ছেন একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর। তিনি দায়িত্ব বুঝে নেবেন মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের কাছ থেকে। আর অগ্রণী ব্যাংকের এমডি পদে মোহাম্মদ শামস-উল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন সোনালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল কবীর।
আর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই তিন ব্যাংকে নতুন এমডি নিয়োগ দিয়ে রোববার ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে চিঠি পাঠিয়েছে।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের পর তাদের নিয়োগ চূড়ান্ত হবে। তিন বছরের জন্য ব্যবস্থাপনা পরিচলকের দায়িত্বের পাশাপাশি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও তারা দায়িত্ব পালন করবেন।
৬৫ বছর পূর্ণ হওয়ায় আসছে ২৩ অগাস্ট অগ্রণী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কমকর্তা মোহাম্মদ শামস-উল ইসলামের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৬ সালে প্রথম মেয়াদে তিন বছরের জন্য তাকে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেয় সরকার। পরে ২০১৯ সালে দ্বিতীয় মেয়াদে তাকে ওই পদে রাখা হয়। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সর্বোচ্চ ৬৫ বছর বয়স পর্যন্ত ওই দায়িত্ব পালন করতে পারেন।
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষমতা শুধু বাংলাদেশ ব্যাংকের।রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ নাম ঠিক করে ব্যাংকগুলোকে চিঠি দেয়। ব্যাংক তখন পর্ষদে তুলে প্রয়োজনীয় কাগজ-পত্র ঠিক করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ব্যাংকে পাঠায় অনুমোদনের জন্য। যাচাই-বাছাই শেষে বাংলাদেশ ব্যাংক তাতে চূড়ান্ত অনুমোদন দেয়।





