শোককে শক্তিতে রুপান্তর করার আহ্বান মেয়র তাপসের; জাতিসংঘের মানবাধিকার কর্মীকে ভুল বোঝাচ্ছে বিএনপি- দাবি কৃষিমন্ত্রীর

১৫ আগস্টের শোককে শক্তিতে রুপান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে বেগবান করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। বিকেলে গেন্ডারিয়ায় জহির রায়হান হলে আয়োজিত জাতীয় শোক সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠানে উপিস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন জিয়াউর রহমান ১৫ আগস্টের হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত তাঁ বহু প্রমাণ তিনি রেখে গিয়েছেন। তাপস বলেন, ১৯৭৫ সালের ১৩ আগস্ট জিয়াউর রহমান আমার বাবা শেখ মনির সাথে দেখা করতে আমাদের বাসায় এসেছিলেন। সেদিনও তিনি কিন্তু আমার আব্বাকে ক্যু সম্পর্কে কোন কথা বলে যান নি। অথচ খুনী ফারুকের ভাষ্যমতে ৭৫ এর এপ্রিলেই জিয়াউর রহমানকে এ ক্যু সম্পর্কে জানানো হয়। আসলে ৭৫ এর ১৩ আগস্ট তিনি আমাদের বাসায় এসেছিলেন রেকি করতে, যে বঙ্গবন্ধু কিংবা আব্বা কোনভাবে এই খ্যু এর কথা জানতে পেরেছেন কি না, এটা জানতে। এমন আরো অনেক প্রমাণ তিনি দিয়ে গেছেন বলে দাবি করেন।

একই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রাজ্জাক বলেন, জাতিসংঘের মানবাধিকার কর্মীকে ভুল বোঝাচ্ছে বিএনপি নেতারা। কারো কথায় কান না দিয়ে জাতিসংঘের মানবাধিকার কর্মীদের সরেজমিন তদন্ত করার আহ্বান জানান তিনি।


বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে ছিলো, আছে, থাকবে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, সারা পৃথিবীর কাছে বাংলাদেশ এখন অপার বিস্ময়। তিনি বলেন, এখন বিশ্ববাসী আামাদের উন্নয়নের মূল মন্ত্র জানতে আগ্রহী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহম্মেদ মন্নাফী ঘোষণা দিয়ে বলেন, দলের জন্য কেন্দ্র যাকেই মনোনয়ন দিক না কেন, তার জন্যই কাজ করবেন তিনি।

সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগষ্টে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভাস্থলে বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর এবং দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।