সম্রাটের জামিন বাতিলের আবেদন শুনানি আজ

জামিনে মুক্তি পাওয়া ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেছে দুদক। রোববার সেই আবেদন বিষয়ে শুনানির জন্য উপস্থাপন করা হবে। বিষয়টি গণমাধ্যমকে নিরশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান ও জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

তিনি জানান, জামিন বাতিলের বিষয়টি আজই হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে। এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় বলে জানান দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ২২ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন পান ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান তাকে জামিনের আদেশ দেন। অসুস্থতার কারণে তাকে শর্তসাপেক্ষে জামিন দেন আদালত। এরপর তিনি গত ২৬ আগস্ট মুক্তি পান।