দুর্নীতির শীর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা: টিআইবি

২০২১ সালের খানা জরিপে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাকে। এই খাতে সেবা নিতে গিয়ে ৭৪ দশমিক ৪ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হয়েছেন। বুধবার রাজধানীর নিজ কার্যালয় সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব চিত্র তুলে ধরেন।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পর শীর্ষে রয়েছে যথাক্রমে পাসপোর্ট, বিআরটিএ, বিচারিক সেবা ও স্বাস্থ্য খাত। এই খাতগুলোতে দুর্নীতির হার ৭০.৫, ৬৮.৩, ৫৬.৮ ও ৪৮.৭ শতাংশ।

২০২১ সালে দেশের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত সেবা খাত হলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। ঘুষ নেওয়ার দিক থেকে শীর্ষে পাসপোর্ট। আর সার্বিকভাবে দুর্নীতিগ্রস্ত শীর্ষ তিন খাত হলো আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপোর্ট ও বিআরটিএ।

সেবা খাত নিয়ে এক জরিপের সার্বিক পর্যবেক্ষণে এই কথা বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত সময়ে সেবার ওপর এই জরিপ চালানো হয়।