উন্নত জীবন যাপনের জন্য গৃহীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নাগরিক সেবা বাস্তবায়নে নগরবাসীর সচেতন অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। সকালে আজিমপুর মাতৃসদনের কাছে নির্মিত ফুটওভার ব্রিজের উদ্বোধন শেষে তিনি নগরবাসীকে অভিনন্দন জানান। তিনি বলেন, সকলের সহযোগিতার কারণেই দক্ষিণের মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ, বর্জ্য ব্যবস্থাপনাসহ বিবিধ উন্নয়ন কর্মকান্ড সফলতা পেয়েছে। ফুটওভার ব্রিজটি ৯০ সালে নির্মিত হলেও, সংস্কারের অভাবে এটি ব্যবহার অনুপোযোগী হয়ে পড়ে। গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর, এটি সংষ্কার করে পুনরায় চলাচলের জন্য উম্মুক্ত করে দেয়া হলো বলে জানান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আধুনিক মনস্ক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আমাদের যেমন বিশ্রামের প্রয়োজন, তেমনি ঢাকারও বিশ্রামের প্রয়োজন আছে। এখন থেকে নগরকেও শৃংখলার মধ্যে আসতে হবে। একই সাথে সময়সূচীর আওতায় সর্বোচ্চ ছাড় স্বাস্থ্যসেবাখাতকে দেয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, কোন হাসপাতাল যদি ২৪ ঘন্টার জন্য ওষুধের দোকান খোলা রাখার আবেদন করে, তাহলে আমরা অবশ্যই সেটি বিবেচনা করবো।
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য সিটি করপোরেশনের অবস্থানের সাথে সাংঘর্ষিক কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানান, মোটেও সাংঘর্ষিক না, উনি সামগ্রিক বিষয় নিয়ে কথা বলেছেন। তবে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে তথ্য পেতে সমস্যা হচ্ছে উল্লেখ করে তিনি মন্ত্রনালয়কে আরও সহযোগিতার আহ্বান জানান।
পহেলা সেপ্টেম্বর থেকে নগরবাসীর জন্য নতুন পরিবহন সেবা চালু হওয়ার কথা থাকলেও তা সহসাই হচ্ছে না জানিয়ে মেয়র বলেন, এ সেবা চালু হতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
আজিমপুর মা ও শিশু হাসপাতালের সামনে সংস্কারকৃত পথচারী পারাপার সেতুটি নতুন করে চালু হওয়ায় খুশি এলাকাবাসীও।
২৬ নম্বর ওয়ার্ডের এ ফুটওভার ব্রিজটি উদ্বোধনের সময় কাউন্সিলর আলহাজ মোহাম্মদ হাসিবুর রহমান মানিক ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নিলুফার রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।





