দেশের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ, নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এবং উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদারকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় অধ্যাপক (নিয়োগ, শর্তাবলি ও সুবিধাদি) সিদ্ধান্তমালা-১৯৮১ অনুযায়ী, অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদারকে পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হলো। অধ্যাপক তালুকদার বাংলাদেশের জনস্বাস্থ্য পুষ্টির একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব।
অধ্যাপক ডা. এম কিউ কে তালুকদার সত্তরের দশকে যুক্তরাজ্যে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সে প্রশিক্ষণ লাভ করেন এবং বাংলাদেশে ফিরে এসে তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বিএসএমএমইউ) শিশুরোগ বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি ১৯৮০ সাল থেকে শিশুকে মায়ের দুধ পানের পক্ষে প্রচার-প্রচারণার নেতৃত্ব দেন যা বর্তমানে বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশনে (বিবিএফ) রূপান্তরিত হয়েছে। অধ্যাপক তালুকদার ২০১০ সাল পর্যন্ত বিবিএফ’র চেয়ারম্যান ছিলেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ উপদেষ্টা।
২০০১ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর অধ্যাপক তালুকদার আশুলিয়ায় গার্মেন্ট নারী কর্মী ও তাদের শিশুদের জন্য অলাভজনক হাসপাতাল ‘নারী ও শিশু স্বাস্থ্যকেন্দ্র’ প্রতিষ্ঠা করেন। এটি জনস্বাস্থ্য গবেষণা এবং পুষ্টি নিয়ে জাতীয় নীতির সমর্থনে গবেষণার কাজে যুক্ত।
১৯৪০ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন অধ্যাপক এম কিউ কে তালুকদার। ১৯৬২ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিশু স্বাস্থ্য ও পুষ্টিবিজ্ঞানসহ চিকিৎসা সংক্রান্ত অনেক বিষয়ে উচ্চতর ডিগ্রি ও প্রশিক্ষণ লাভ করেন।





