গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

বিশিষ্ট সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার তার সৃষ্টির মাধ্যমে দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক অঙ্গন বিশেষ করে সংগীতাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।’ রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে, গীতিকবির পুত্র উপল জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে তাকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেওয়া হবে। সেই সঙ্গে সংস্কৃতি অঙ্গন ও সাধারণ মানুষেরা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর গীতিকবির মরদেহ নেওয়া হবে চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসিতে। সেখানে বাদ জোহর অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। সেই সঙ্গে সিনেমা সংশ্লিষ্টরা কিংবদন্তিকে শ্রদ্ধা জানাবেন।

বাদ আসর গুলশানের আজাদ মসজিদে রাখা হবে গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ। সেখানে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে তার মা খোদেজা বেগমের কবরে তাকে সমাহিত করা হবে।
জানাজা ও দাফনে বিলম্বের কারণ গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ারের জন্য অপেক্ষা। তিনি রয়েছেন দেশের বাইরে। রবিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা বা রাতের মধ্যে তিনি ঢাকায় ফিরবেন।

উল্লেখ্য, নন্দিত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি থানার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা গানের শ্রেষ্ঠতম গীতিকবি হিসেবে পরিচিত তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে ২০ হাজারের বেশি গান লিখেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননাসহ শতাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। গানের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য রচনায়ও তার নামটি উজ্জ্বল।