পিএসজির বিপক্ষে থাকছেন না ডি মারিয়া

চ্যাম্পিয়ন্স লীগের নতুন মৌসুম শুরু হচ্ছে আজ রাতে। প্রথম দিনেই হাই-ভোল্টেজ ম্যাচে পিএসজির বিপক্ষে মাঠে নামছে জুভেন্টাস। এই ম্যাচে প্যারিসের পার্ক দ্যেস প্রিন্সেসে নামা হচ্ছে না এই মৌসুমে পিএসজি থেকে জুভেন্টাসে নাম লেখানো আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার।

ইঞ্জুরির কারণেই চ্যাম্পিয়ন্স লীগের প্রথম ম্যাচে খেলতে পারবেন না ডি মারিয়া, এমনটি নিশ্চিত করা হয়েছে জুভেন্টাস টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেই। এর ফলে সাবেক ক্লাবের মাঠে ফেরা হলো না আর্জেন্টাইন তারকার।

গত মাসে জুভেন্টাসের জার্সি গায়ে অভিষেককের ম্যাচেই থাইয়ের ইনজুরিতে পড়েন ৩৪ বছর বয়সী ডি মারিয়া। সেই ইনজুরি কাটিয়ে সদ্যই তিনি ফিরেছিলেন। তবে শনিবার সিরি-আ’তে ফিওরেন্টিনার সঙ্গে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে প্রথমার্ধ্বের পরই ডি মারিয়াকে মাঠ থেকে উঠিয়ে নেয়া হয়।

আর্জেন্টাইন এই উইঙ্গারের ইনজুরি নিয়ে অবশ্য জুভেন্টাসের পক্ষ থেকে নিশ্চিত করে কিছু বলা হয়নি। দলের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি অবশ্য জানিয়েছেন পিএসজির বিপক্ষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ডি মারিয়াকে দলের বাইরে রাখা হয়েছে।

এদিকে গত সপ্তাহে স্পেজিয়ার বিপক্ষে গোঁড়ালির ইঞ্জুরিতে পড়ায় পোলিশ গোলরক্ষক ওজিচে সেজিনিরও পিএসজরি বিপক্ষে মাঠে নামা হচ্ছে না। তবে পিএসজির সাবেক তিন খেলোয়াড় আদ্রিয়ান র্যা বিওট, লিয়ান্দ্রো পারাদেস ও মোয়েসেস কিনকে পিএসজির বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াডে রেখেছেন অ্যালেগ্রি।