বাপ্পারাজের নায়িকা’ প্যারালাইজড হয়ে পড়ে আছেন হাসপাতালে

০২ অক্টোবর ২০২২ (প্রভাত নিউজ) পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয়’ গানের শিল্পী শাকিলা জাফর ও তপন চৌধুরী- এটা হয়তো সামাজিক যোগাযোগের ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমের মাধ্যমে এ প্রজন্ম জানে। সময়কে ধারণ করা এই গানটি ছিল ‘ঢাকা ৮৬’ সিনেমার। এই গান যার ঠোঁটে এসেছিল তারা হলেন রঞ্জিতা ও বাপ্পারাজ। নায়করাজ রাজ্জাক পরিচালনা করেছিলেন ছবিটি।


বাপ্পারাজের এই নায়িকা এখন প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে রয়েছেন। স্ট্রোক করায় তার বাম হাত ও বাম পা অবশ হয়ে গেছে। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। অসহায় জীবনযাপন করছেন তিনি। গণমাধ্যমের কাছে জানাচ্ছেন বাঁচার আকুতি। গত ২৮ সেপ্টেম্বর স্ট্রোক করায় রঞ্জিতার পা-হাত অবশ হয়ে যায়। বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

আশির দশকের রঞ্জিতা বলেন, ‘আমার কথা বলতেও কষ্ট হচ্ছে, আমি বাঁচতে চাই। আমি সুস্থ হয়ে উঠতে চাই, আমাকে সাহায্য করুন। এই শহরে আমার থাকার ব্যবস্থা নেই। আমার উপার্জনের পথ নেই। প্রধানমন্ত্রী ছাড়া আমাকে আর কে বাঁচাতে পারেন, তিনি মমতাময়ী। ’

এই অভিনেত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার এক ভাই রয়েছে সেও প্রতিবন্ধী। আমার চিকিৎসা ব্যয়বহুল। আমার কোনো পথ নেই, আমি বেঁচে থাকতে চাই। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কাছেও তিনি সহযোগিতার আহবান জানান। ’