বন্ধুর হাতে বঁটি দিয়ে ৮ টুকরো হলেন সবুজ

গাজীপুরের কালীগঞ্জে গার্মেন্ট শ্রমিক সবুজ বার্নার্ড ঘোষালের হত্যার ঘটনায় মো. শাহীনকে (২৮) আটক করেছে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল রবিবার বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করে রাতেই গাজীপুর নিয়ে আসা হয়েছে।

সবুজ কালীগঞ্জের নাগরীর পানজোরা গ্রামের অমুল্য বার্নার্ড ঘোষালের ছেলে। তিনি তিনদিন ধরে নিখোঁজ ছিলেন।

শুক্রবার সকালে তার লাশের কয়েকটি টুকরো স্থানীয় একটি ডোবার পাড়ে পাওয়া যায়।

পিবিআই সূত্র জানায়, শাহীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজকে খুনের কথা স্বীকার করে জানিয়েছে ঘটনার রাতে তারা যৌথভাবে টাকা দিয়ে দামি মদ কিনেন। মদ কেনার দায়িত্বে ছিলেন শাহীন। রাতে শাহীনের বাসায় বসে মদ খাওয়ার সময় মদ তেতো লাগার কথা তুলে তর্কে জড়ায় সবুজ। এনিয়ে বিতর্কের জেরে হত্যার পর সবুজের লাশ বঁটি দিয়ে ৮ টুকরা করেন শাহীন। এরপর প্রায় এক কিলোমিটার এলাকার বিভিন্ন স্থানে খণ্ডিত টুকরাগুলো ফেলে দেন- যাতে লাশ শনাক্ত না হয়। সবুজ ও শাহীন কালীগঞ্জের পানজোড়া এলাকার পূর্বাচলঅ্যাপারেলস গার্মেন্টের শ্রমিক ও বন্ধু ছিলেন।

পিবিআইর গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ রহমান মাকছুদের রহমান জানান, সোমবার ভোরে শাহীনকে গাজীপুর আনা হয়েছে। এ বিষয়ে দুপুরে বিস্তারিত জানানো হবে।