ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এক ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ দল। ২-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগারদের এবার লক্ষ্য ভারতীয়দেরকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করা। এজন্য তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট খেলতে রাজধানী ঢাকা ছেড়ে বন্দরনগরী চট্টগ্রাম গেছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দল।
আগামী শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে দিবারাত্রির এই ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। যেহেতু বাংলাদেশের সামনে ভারতকে হোয়াইটওয়াশ করার হাতছানি দিচ্ছে, তাই সমর্থকদের কাছে ম্যাচটি আরও আকর্ষণীয় হতে যাচ্ছে।
এই ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টিকিটের মূল্যতালিকা প্রকাশ করেছে। যেখানে ঢাকার মতো চট্টগ্রামেও সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে খেলা। এই তালিকায় টিকিটের সর্বোচ্চ দাম রাখা হয়েছে ১৫০০ টাকা।
জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। তার ঠিক উল্টো পাশের ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মিলবে ৩০০ টাকায়। এছাড়া ক্লাব হাউজের টিকিট পাওয়া যাবে ৫০০ টাকায়। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকিট মিলবে ১ হাজার টাকায়। এছাড়া ১৫০০ টাকায় পাওয়া যাবে গ্র্যান্ডস্ট্যান্ড এবং রুফ টপ হসপিটালিটির টিকিট।
এজন্য আগামীকাল ৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাগরিকা (বিটাক সার্কেলের কাছে) ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে সরাসরি টিকিট কিনতে পারবেন দর্শকরা। এছাড়াও ম্যাচের দিন সকালে সীমিত সংখ্যক টিকিট বিক্রি করবে বিসিবি। তবে অনলাইনে টিকিট কেনার সুযোগ থাকছে না এবার।





