আমারও তো কাজ-কাম আছে : সুজন

সাত বছরের ব্যবধানে ভারতের বিপক্ষে ঘরের মাঠে টানা দুটি ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। যা অবস্থা, তাতে ভারতের প্রথম সারির এই দলটাকে টাইগাররা হোয়াইটওয়াশ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না। এমন সিরিজেই কিনা ‘ছুটি’ নিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন! ক্রিকেটারদের ‘প্রিয় ব্যক্তি’ হিসেবে পরিচিত এই বোর্ড পরিচালক এ্ববার ভারত সিরিজ থেকে নিজের ছুটি নেওয়ার বিষয়ে মুখ খুললেন।

আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে স্কুল ক্রিকেটে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুজন বলেন, ‘এমন কোনো কারণ নেই।

অনেক ব্যস্ততা ছিল। সত্যি কথা বলতে, নিজেরও তো কাজ-কাম আছে। সময় তো আসলে পাওয়া যায় না। সামনে অনেক খেলা আছে। এই সময়টা আমার জন্য জরুরি ছিল। এজন্যই একটা বিরতি নেওয়া আসলে। আগেই নেওয়ার কথা ছিল। এবার ঘরের মাঠে সিরিজ। দেশের বাইরে সিরিজে বেশি দরকার হয়। এখানে তো আমরা সবাই আছি কাছাকাছিই। ড্রেসিং রুমে যাওয়ার অনুমতি না থাকলেও ড্রেসিং রুমের ওপরেই আছি। কাছাকাছিই আছি বলে এই সিরিজ করিনি। ‘

টিম ডিরেক্টর হয়েও খালেদ মাহমুদ সুজন টাইগারদের সিরিজ জয় দেখেছেন দূরে থেকে। নিজে মাঠে উপস্থিত থাকলে ভালো লাগাটা বেশি থাকত কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো দলেরই একজন। দলের ভেতরে থাকি বা বাইরে থাকি, এটা গুরুত্বপূর্ণ নয়। আমরা বোর্ডে আছি। দলের সঙ্গে থাকা মানে অবশ্যই নিবিড়ভাবে থাকা। তবে আমরা সবসময়ই আছি। কোনো না কোনোভাবে যোগাযোগ বা কথা হচ্ছে। জয়ের সময় মাঠে থাকতে পারাটা তো সবসময়ই আনন্দের। তবে এটা উদযাপন করা যায় সবভাবেই। মাঠের ভেতর থেকে উদযাপন করা যায়, বাইরে থেকেও করা যায়। ‘