তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, এখন যারা মানবাধিকার নিয়ে নানা কথা বলছেন তারা ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা এবং ২০১৩-১৪-১৫ সালে বিএনপির পেট্রোলবোমা হামলায় পুড়ে শতশত মানুষের মৃত্যুর সময় কোথায় ছিলেন।
রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ প্রশ্ন করেন।
মানবাধিকার ব্যবসায়ীরা এখন সরব হয়েছেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব, মার্কিন রাষ্ট্রপতি। বহুদেশ ও আন্তর্জাতিক সংস্থা আমাদের প্রশংসা করে। যে বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বিশ্বব্যাংক আবার পদ্মা সেতুতে অর্থায়নের প্রস্তাব দিয়েছিল। আমাদের নেত্রী বলেছেন, না আমরা নিজের টাকায় পদ্মা সেতু করব।
সতর্ক করে দিয়ে তিনি বলেন, এই বদলে যাওয়া অনেকের পছন্দ নয়। যে আন্তর্জাতিক শক্তি স্বাধীনতার বিরুদ্ধে ছিল, যে দেশীয় শক্তি স্বাধীনতার বিরুদ্ধাচারণ করেছে, এই উন্নয়ন তাদের পছন্দ নয়। তাই তারা এখন নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।




