বর্তমানে ভারতের টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ‘বেশরম রং’। ‘পাঠান’ সিনেমার এই গানটি নিয়ে ব্যাপক উত্তাল নেটদুনিয়া। গানে শাহরুখ-দীপিকার পোশাক এবং লুক নিয়ে নেটিজেনদের কটাক্ষ যেন পিছুই ছাড়ছে না।
বিশেষ করে দীপিকার বিকিনি পোশাকে অঙ্গভঙ্গিতেই নেতিবাচক মন্তব্যের ঝড় বয়ে গেছে। এমনকি গানে গেরুয়া ও সবুজ রঙের বিকিনি পরায় আপত্তি জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। সেই সঙ্গে গানটি বয়কটেরও দাবি জানিয়েছেন তিনি।
এই বিতর্কের মাঝে বিকিনিতে দেখে মুগ্ধ তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহান। এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে নুসরাত জাহান বলেন, ‘বেশরম গানে দীপিকা আমাকে মুগ্ধ করেছে। অসাধারণ লাগছে তাকে। এসব বিতর্ক না করে, ছবিটা কেমন হবে, তা নিয়ে আলোচনা হওয়া উচিত।’
বিজেপি প্রসঙ্গে নুসরাত আরও বলেন, ‘এই দলের সব কিছুতেই সমস্যা। কী খাব, কী পরব। হিজাব নিয়েও এদের সমস্যা রয়েছে, বিকিনি নিয়েও এদের সমস্যা রয়েছে। দেশের মহিলারা কী পরবে, তা বলে দেওয়ার দায়িত্ব এদের কে দিয়েছে?’
এর আগে ‘পাঠান’ ছবির গান ও কিছু দৃশ্য নিয়ে আপত্তি তোলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। টুইট করে তিনি জানিয়েছেন, পাঠান ছবির কিছু দৃশ্য অশোভন। এই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে এই ছবিকে মুক্তি দেওয়া যাবে না।
শিল্পমাধ্যমের ওপর পুলিশিনীতি কতটা কাঙ্ক্ষিত? বিষয়টি কি আদৌ অভিপ্রেত? প্রশ্নগুলো উঠছে শাহরুখ খানের ‘পাঠান’ ছবির মুক্তি ঘিরে বিতর্ক দেখা দেওয়ায়। সেই আবহেই কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে ‘নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার’ নিয়ে মন্তব্য করেছেন কলকাতার জামাইবাবু অমিতাভ বচ্চন। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে টলিপাড়ায়।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) নেতাজি ইনডোরে ২৮তম কলকাতা চলচিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সব থেকে বেশি সাড়া ফেলেছে অমিতাভের বক্তব্য। নিজের ভাষণে চলচ্চিত্রের ইতিহাস নিয়ে কথা বলার পরেই এসেছিলেন মত প্রকাশের অধিকার প্রসঙ্গে। বিগ বি বলেছিলেন, ‘আশা করি সবাই একমত হবেন, নাগরিক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার নিয়ে আজও এ দেশে প্রশ্ন ওঠে।’
প্রসঙ্গত, আগামী বছরের (২৫ জানুয়ারি) মুক্তি পাবে ‘পাঠান’ সিনেমা। তার আগে প্রকাশ্যে এসেছে এ সিনেমার প্রথম গান ‘বেশরম রং’। কয়েক দিন আগে এ গানে দীপিকার লুক প্রকাশের পর প্রশংসা কুড়ায়। সোমবার (১২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটির এই গান। মুক্তির পরই নেটদুনিয়া উত্তাল হয়ে যায়। প্রশংসার জোয়ারে ভাসতে থাকেন।
‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তাছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।





