আত্মসমালোচনার মাধ্যমেই আমরা সংশোধন হতে পারব: দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, প্রকৃত দেশপ্রেমিক দুর্নীতিগ্রস্ত হতে পারে না। দেশকে ভালোবাসলে কেউ নিজ ভূমির ক্ষতি করতে পারে না।

রোববার (১৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেন, আমাদেরকে নিজের কাছে প্রশ্ন রাখতে হবে। আমরা নিজেরা দুর্নীতিমুক্ত কি না, তা পর্যালোচনা করতে হবে। আত্মসমালোচনার মাধ্যমেই আমরা সংশোধন হতে পারব। আমাদের দেশে দুর্নীতি দূর হবে।

অনুষ্ঠানে দুদক কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক বলেন, স্বাধীনতার পর আমরা অনেক সূচকে এগিয়েছি। দুঃখজনকভাবে অগ্রগতির পাশাপাশি বৈষম্যও বেড়েছে। দুর্নীতি বন্ধ করতে না পারলে এ উন্নতি টেকসই হবে না। বৈষম্য দূর করার জন্য আমরা যদি কাজ করতে পারি, সেটাই হবে স্বাধীনতার পক্ষের কাজ।

তিনি বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা এখনও অবহেলিত। শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। ‘শিক্ষিত লোক দুর্নীতিগ্রস্ত’ এ অপবাদ এখনও বয়ে বেড়াতে হচ্ছে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রকৃত শিক্ষা অর্জনে আত্মনিয়োগ করতে হবে।

দুদক কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খান বলেন, মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। এখনও আমরা সেই সংগ্রাম করছি। এ সংগ্রামে সফল হতে হলে কথা ও আচরণের সমন্বয় থাকতে হবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আমাদের প্রকৃত অর্থে তাকে অনুসরণ করতে হবে। আমাদের কাজের মাধ্যমেই এর বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন, রাঙ্গামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. সফিউল্লাহ প্রমুখ।