পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় ৩৮ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৯ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
এদিন বিএনপির আইনজীবীরা ৩৮ নেতাকর্মীর জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করেন।
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ৭ ডিসেম্বর বিকেলে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে ককটেল, লাঠিসোটা, ক্যাশ টাকা, চালের বস্তা পাওয়ার কথা জানায় পুলিশ।
এ ঘটনায় পল্টন থানার উপপরিদর্শক মিজানুর রহমান মামলা করেন। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত অরও দুই হাজার বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।





