‘বাংলাদেশের অর্থনীতিতে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি বছর সরকারকে বিপুল রাজস্ব প্রদান করায়, জাতীয় রাজস্ব বোর্ড ন্যাশনাল লাইফকে দেশের শীর্ষ করদাতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন কোম্পানিটির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি।
বুধবার (১১ জানুয়ারি) দুপুরে নরসিংদী ড্রিম হলিডে পার্কে কোম্পানির ৬০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় এসব মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ২০০৮ সালে ক্ষমতায় আসার পর এ বীমা শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ১৯৬০ সালে আলফা ইনস্যুরেন্সে চাকরি করেছিলেন। এ চাকরি করেই ৬ দফা আন্দোলন করেছেন তিনি। সেই ৬ দফা পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতার রক্ষাকবচ হিসেবে কাজ করেছে। আবার ৬ দফাই বাংলাদেশের স্বাধীনতার সূচনা ঘোষণা করেছে।
আলহাজ মোরশেদ আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছেন। গেল বছর ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ১ হাজার ৫২ কোটি টাকা বীমা দাবি পূরণ করেছে। এই কোম্পানি গ্রাহকদেরকে যথাসময়ে বীমা দাবি পরিশোধ করে থাকেন। এরই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই আরও ৬০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে কোম্পানিটি।
আগামী ১ মার্চ জাতীয় বীমা দিবসে দেশের সবকটি বীমা কোম্পানির মধ্যে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স প্রথম স্থান অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মোরশেদ আলম।
এ সময় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের পরিচালক বিলকিস নাহার, পরিচালক এ এস এম মঈনউদ্দীন মোনেম, ড্রিম হলিডে পার্কের ম্যানেজিং ডিরেক্টর প্রবীর কুমার সাহা ও ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়ের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. খোরশেদ আলম পাটোয়ারী ও প্রবীর চন্দ্র দাসসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উন্নয়ন সভা শেষে মোরশেদ আলম, এমপি গ্রাহকদের মাঝে ৬০ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ করেন। এ সময় কাজের দক্ষতা ও এরিয়াভিত্তিক বীমা কর্মীদের মাঝে মোটরসাইকেল, এলইডি টেলিভিশন ও স্বর্ণে আংটি পুরস্কার দেন তিনি। এ সময় উন্নয়ন সভায় ঢাকা বিভাগ, সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা জেলা ও চাঁদপুর জেলার ১০ হাজার কর্মকর্তা ও বীমা কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে অনুষ্ঠানে পর ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান মোরশেদ আলম তার সহধর্মিণী বিলকিস নাহার ও কোম্পানির শীর্ষ কর্মকর্তাদেরকে নিয়ে ড্রিম হলিডে পার্কের মনোরম পরিবেশ পরিদর্শন করেন।





