অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে, বললেন ওমর সানী

অ্যাওয়ার্ডের নামে বাণিজ্য চলছে বলে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করেন চিত্রনায়ক ওমর সানী। এ মাধ্যমে তিনি সবসময় বেশ সরব। প্রায়ই নানান ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন তিনি।

সোমবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করে চলমান অ্যাওয়ার্ড অনুষ্ঠানগুলো নিয়ে মন্তব্য করেছেন ওমর সানী। তিনি লিখেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে। প্রায় ৮০% অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের। কিন্তু যাই নি যখন ফিল করব যাওয়া উচিত তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায় আসে না। কিন্তু তারপরও বলবো অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।’

প্রতিবেদন লিখা পর্যন্ত পোস্টটিতে এক হাজারেরও বেশি প্রতিক্রিয়া পড়েছে নেটিজেনদের। দেড় শতাধিক মন্তব্য এবং কিছু শেয়ার দেখা গিয়েছে।

হাসান মাহমুদ নামের একজন লিখেছেন, বহু আগেই শুরু হয়েছে এটা। সংস্কৃতির জন্য এগুলো আসলে হুমকি। আফসোস, দেখার কেউ নেই।

মডেল অভিনেতা সাজ্জাদ চৌধুরী লিখেছেন, বর্তমান মিডিয়া আগের মতো নেই ভাই । আপনাদের সময়টাই গোল্ডেন টাইম ছিলো । আমরা আছি বিপদে।