জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, গণতন্ত্রের মূলশর্ত নির্বাচন। সাংবিধানিক ধারাবাহিকতা মেনেই জাতীয় নির্বাচন চায় জাপা। এটি বরাবরই নির্বাচনমুখী দল। প্রতিষ্ঠার পর থেকে পার্টি সব নির্বাচনে অংশ নিয়েছে। আগামী নির্বাচনেও অংশ নেবে।
গতকাল সোমবার রাজধানীর গুলশানে ইমানুয়েল কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলে রওশন এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় উন্নয়নশীল দেশের তালিকায় স্থান করে নিয়েছে বাংলাদেশ। আজ এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানের সিয়াম সাধনাকে তোয়াক্কা না করে সব নিত্যপণ্যের দাম বৃদ্ধি করে চলছেন। দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি নিম্ন আয়ের মানুষের জীবন-জীবিকা দুর্বিষহ করে তুলছে।’
এসব অসাধু ব্যবসায়ীর কারণে নিত্যপণ্যের এমন কোনো দ্রব্য নেই, যার দাম বৃদ্ধি পায়নি? তাঁদের জন্য দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা আর উন্নয়নের উজ্জ্বলতা ম্লান হয়ে পড়ছে। সুবিধাবাদী দুর্নীতিবাজদের জন্য দেশপ্রেমিক জনতার এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়নি। সর্বগ্রাসী দুর্নীতি এখন ক্যান্সারের রূপ নিয়েছে। এদের কঠোর হাতে দমন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভেদ নেই। এরশাদের রেখে যাওয়া নির্দেশনামতেই চলবে পার্টি। যাঁরা তাঁর নির্দেশনা মানবেন না, তাঁরা পার্টি ও নিজের ক্ষতি ডেকে আনবেন। নতুন-পুরাতন সব ত্যাগী নেতাকর্মীকে একসঙ্গে নিয়েই দলের কর্মকাণ্ড পরিচালনা করলে পার্টি শক্তিশালী হবে।
ইফতার মাহফিলে অংশ নেন জাপার সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশিদ, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ফয়সাল চিশতি, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান টিটো প্রমুখ।





