ডি কক-রেজাদের দেখেই সাহসী হয়ে উঠেছিলেন রনি-লিটন

আগের দিন ইতিহাস গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার কুইন্টন ডি কক ও রেজা হেনড্রিকস। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওই ম্যাচে তারা দুজনে মিলে পাওয়ার প্লেতে যোগ করেছিল ইতিহাসের সর্বোচ্চ ১০২ রান। যা দেখে সাহসী হয়ে উঠেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে বিধ্বংসী হয়ে উঠেছেন দুজনে।

লিটন-রনির ইচ্ছে ছিল রেজা-ডি কককে ছাড়িয়ে যাবার। সাজিয়ে বসেছিলেব দুজনে চার-ছক্কার বাহার। যদিও শেষ পর্যন্ত সেই রেকর্ড আর ভাঙা হয়নি, পাওয়ার প্লেতে ৮১ রান তুলতে পারেন দুজনে। ইতিহাসের সেরা না হলেও অবশ্য দেশের হয়ে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রানের রেকর্ড এটাই।

গল্পটা হয়তো অজানাই থেকে যেতো, যদি না ম্যাচ শেষে তাসকিন আহমেদের কাছে রনি-লিটনের উদ্বোধনী জুটির সম্পর্কে জানতে চাওয়া না হতো! যাহোক, উদ্বোধনী জুটি সম্পর্কে তাসকিন বলেন, ‘খুবই ভালো লাগছিল। গতকাল ১০২ রান দেখেছি দক্ষিণ আফ্রিকার খেলায়। আমরা ভাবছিলাম, ও রকম কিছু হতে যাচ্ছে নাকি!’

অতঃপর নিজ থেকেই তাসকিন জানান, “এমনকি লিটন আউট হয়ে আসার পর আমি বললাম, ‘কী রে, তুই কি কালকের দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখে এই রকম করে পিটাচ্ছিলি?’ উত্তরে লিটনের জবাব ‘হ্যাঁ! ওরা পারলে আমরাও পারব।”

যদিও নিজের ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি লিটন দাস, ২৩ বলে ৪৭ রানে থামে তার ঝড়। অপরদিকে অবশ্য ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তোলে নেন রনি তালুকদার। আউট হবার আগে খেলেন ৩৮ বলে ৬৭ রানের ইনিংস।