দেশের পরিস্থিতি নিয়ে বাম জোট ও বাম মোর্চার আলোচনা

দেশের চলমান পরিস্থিতি নিয়ে রাজধানীর সেগুনবাগিচায় আজ বাসদের কার্যালয়ে আলোচনা সভা করেছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চাছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা। রাজধানীর সেগুনবাগিচায় আজ সোমবার বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, দ্রব্যমূল্য বাড়াসহ জনজীবনের নানা সংকট নিরসনে আন্দোলনের বিষয়ে আলোচনা করেছেন বক্তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনা সভায় নিত্যপণ্যের দামের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের দফায় দফায় মূল্যবৃদ্ধি; কৃষকের ফসলের লাভজনক দাম নিশ্চিত করা; গ্রাম ও শহরে শ্রমজীবীদের জন্য রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান প্রতিষ্ঠা করা; দুর্নীতিবাজ, পাচারকারী ও ঋণখেলাপিদের বিচার এবং গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে দুই জোটের আন্দোলন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ, নয়া গণতান্ত্রিক গণ মোর্চার সভাপতি জাফর হোসেন, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী প্রমুখ।