১৯৬২ সাল থেকে সারা বিশ্বে প্রতি বছর ২৭ মার্চ বিশ্ব নাট্যদিবস হিসেবে দিনটি পালিত হয়ে আসছে। বরাবরের মতো বাংলাদেশেও আড়ম্বর আয়োজনে বিশ্ব নাট্য দিবস উদযাপন করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) দিনটি উপলক্ষে শিল্পকলা একাডেমি, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদের আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হয় বিশ্ব নাট্য দিবস। বিশ্বজুড়ে সকল নাট্যকর্মী ও শিল্পীর মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি ও সৌহার্দ্য স্থাপন, নাটকের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিয়ে এর শক্তিকে নতুন রূপে আবিষ্কার করার লক্ষ্যেই দিবসটি পালন করা হয়েছে।
নাট্যকর্মী, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ শিল্পকলা একাডেমির অংশগ্রহণে বিকাল ৫টায় নাট্য দিবসের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে থেকে বের হয়ে চারুকলা ভবনে গিয়ে শেষ হয়। সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজন করা হয় প্রীতি সম্মিলনীর।
সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আয়োজিত হয় আলোচনা অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আলোচনা পর্বে ছিল বিশ্ব নাট্য দিবসের বাণী পাঠ, দিবসের জাতীয় বাণী প্রদান, নাট্য দিবস সম্মাননা প্রদান এবং দিবসের বক্তৃতা।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। মঞ্চে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সেক্রেটারি জেনারেল চন্দন রেজা এবং বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান।
এবার ‘বিশ্ব নাট্য দিবস-২০২৩’-এর বিজয়ী হন অভিনয় শিল্পী, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ। তাকে সম্মাননা স্মারক তুলে দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।





