শুক্রবার সারাদেশে বিক্ষোভ করবে ইসলামী আন্দোলন

দলীয় মেয়র প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে এবং সরকার ও নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে আগামী শুক্রবার জেলা-মহানগরে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন।

সোমবার (১২ জুন) বরিশালে এক সংবাদ সম্মেলনে চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম এ ঘোষণা দেন।

এ সময় বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যানের পাশাপাশি আসন্ন সিলেট ও রাজশাহী সিটি নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়া হয়।

এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) বরিশাল ও খুলনা সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে বরিশালে হামলার শিকার হন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীম।

ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে হামলার শিকার হন তিনি। আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা তাকে মেরে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ করেছেন এই মেয়রপ্রার্থী।

পরে তার ওপর হামলাকারীদের আটকের নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

বরিশাল সিটির ঘোষিত ফলাফল অনুযায়ী, নৌকা প্রতীকে ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।