সাংবাদিক নাদিম হত্যায় ১১ দূতাবাস-হাইকমিশনের উদ্বেগ

জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত ১১টি দূতাবাস ও হাইকমিশনের সংগঠন বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)।

বৃহস্পতিবার (২২ জুন) এমএফসির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বানি নাদিমের ওপর গত ১৫ জুনের ভয়াবহ হামলা ও হত্যার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা নাদিমের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হত্যাকাণ্ডের সন্দেহভাজন অপরাধীদের গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করার খবরকে ইতিবাচক হিসেবে দেখছি।

বিবৃতিতে আরও বলা হয়, কঠিন প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে, ঘটনার বিবরণ প্রকাশ করে এবং তথ্যর অবাধ প্রবাহকে উৎসাহিত করে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বাংলাদেশের সমাজে দায়িত্বশীল সবাইকে সংবাদপত্রের স্বাধীনতা, প্রতিশোধ বা ক্ষতির ভয় ছাড়াই সাংবাদিকদের কাজ করার অধিকার এবং সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানায়।

বিবৃতিতে স্বাক্ষর করা ১১টি দেশের দূতাবাস ও হাইকমিশন হলো কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার তার মৃত্যু হয়।

নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, ‌সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালান। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে মামলা করেন মনিরা।