ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মন্তব্যে নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৩১ মে) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুমের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত ২৯ মে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চায় ভারত’ মর্মে যে কূটনৈতিক শিষ্ঠাচার বহির্ভূত মন্তব্য করেছেন আমরা তার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
‘বাংলাদেশের মত একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ ধরনের মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং জাতিসংঘ ঘোষিত সনদের লঙ্গন। বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা বাংলাদেশের সরকার ও জনগণই ঠিক করবে।’
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনদ মেনে চলার জন্য আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
একইসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অযাচিত ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় জামায়াতে ইসলামী।





