এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শনিবার (২০ সেপ্টেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে টাইগারদের ম্যাচটি, যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে লঙ্কানদের কাছে হারের পর এটি বাংলাদেশের জন্য প্রতিশোধ নেওয়ার সুযোগ।
বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এশিয়া কাপের গ্রুপপর্বে দুই জয় ও এক হারের পরও সুপার ফোর নিশ্চিত ছিল না বাংলাদেশের। তবে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হার বাংলাদেশের সুপার ফোরে ওঠার পথ সুগম করেছে। আজ সেই শ্রীলঙ্কার বিপক্ষে টাইগাররা তাদের দ্বিতীয় রাউন্ডের যাত্রা শুরু করছে।
আজকের ম্যাচে বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে। নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের জায়গায় খেলবেন শেখ মাহেদী ও শরিফুল ইসলাম।
গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার সঙ্গে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে লঙ্কানদের খেলার ধরন সম্পর্কে ভালো ধারণা রাখে টাইগাররা। মাত্র দুই মাস আগে শ্রীলঙ্কায় তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তবে এবারের এশিয়া কাপের গ্রুপপর্বে সেই শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।
আজকের ম্যাচের আগে টাইগাররা কিছুটা বিশ্রামের সুযোগ পেয়েছে। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর চার দিন বিশ্রাম পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কাকে ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তীব্র গরম আবহাওয়ায় দু’টি ম্যাচ খেলতে হয়েছে। এছাড়া আবুধাবি থেকে দুবাই ভ্রমণ করতে হবে লঙ্কানদের।
বাংলাদেশ সুপার ফোর শুরু করতে চায় জয় দিয়ে, আর প্রথম প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।





