টানা দুই মাস রপ্তানি আয় কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর তথ্য মতে সেপ্টেম্বরে বিশ্ব বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি ৪দশমিক ৬১ শতাংশ কমে ৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর মধ্যে পোশাক খাতের রপ্তানি উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।
ইপিবি বলছে, নিটওয়্যার রপ্তানি ৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে, যেখানে বোনা পোশাক ৫ দশমিক ৫৪ শতাংশ কমেছে। তবে মাসিক পতন সত্ত্বেও, চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে রপ্তানি ৫ দশমিক ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১১ দশমিক ৬৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
তৈরি পোশাকের পাশাপাশি, কৃষি পণ্য, রাসায়নিক পণ্য, প্লাস্টিক, তুলা ও তুলাজাত পণ্যের রপ্তানিও হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক ধাক্কার প্রভাবে দেশের সামগ্রিক রপ্তানি আয়েও প্রতিফলিত হয়েছে বলে মনে করেন পোশাক খাত সংশ্লিষ্টরা।
এদিকে ট্রাম্পের দেয়া ২০ শতাংশ শুল্ক ক্রেতারা বাংলাদেশী রপ্তানিকারকদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন।
রপ্তানিকারকদের পক্ষে এই অতিরিক্ত চাপ বহন করা কোনোভাবেই সম্ভব নয় বলে গণমাধ্যমকে জানিয়েছে বিকেএমইএ।
সংগঠনটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয় এমনিতেই প্রাথমিক শুল্ক সমন্বয় এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির প্রভাবসহ বিভিন্ন ধরনের চাপে রয়েছেন তারা। নতুন এই চাপ রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন তারা।





