শুটিংয়ের মাঝে নাক দিয়ে রক্তক্ষরণ দিতিপ্রিয়ার

টেলিপর্দার জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায় অসুস্থ। বর্তমানে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয়ে ব্যস্ত এই অভিনেত্রী জানালেন, শিগগিরই তার একটি অস্ত্রোপচার হতে চলেছে। বুধবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই খবর জানান তিনি।

পোস্টে দিতিপ্রিয়া লেখেন, আমার একটা ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন আমাকে পাবেন না। আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব।

সূত্রের খবর, দিতিপ্রিয়ার নাকের হাড়ে একটি সমস্যা রয়েছে। প্রায় দুই বছর আগে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হলেও কাজের চাপের কারণে তা পিছিয়ে যায়। মাঝেমধ্যেই নাক দিয়ে রক্ত পড়ার মতো সমস্যায় ভুগছিলেন তিনি। তা সত্ত্বেও নিয়মিত শুটিং চালিয়ে গেছেন ‘রানি মা’ খ্যাত এই অভিনেত্রী।

তবে আশার কথা, চিকিৎসকেরা জানিয়েছেন এটি একটি ছোটখাটো অস্ত্রোপচার এবং বিশ্রামের পর দিতিপ্রিয়া দ্রুত কাজে ফিরতে পারবেন।

শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করা দিতিপ্রিয়া রায় জনপ্রিয়তা পান জি বাংলার ধারাবাহিক ‘রানি রাসমণি’-তে নামভূমিকায় অভিনয় করে। বর্তমানে তিনি জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনেতা জীতু কমলের বিপরীতে অভিনয় করছেন।